উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খানকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) উল্লাপাড়া পুরাতন বাসস্ট্যান্ডে এ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলাম।
উল্লাপাড়ার সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “সরকার থেকে তার আসনের উন্নয়ন কর্মকাণ্ডসহ যে সকল বরাদ্দ প্রদান করা হবে, তার সুষ্ঠু হিসাব তিনি জনসম্মুখে প্রদান করবেন। উল্লাপাড়ার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সকল ক্ষেত্রে সমতার ভিত্তিতে উন্নয়ন নিশ্চিত করতে চাই। কে ভোট দিয়েছে, কে দেয়নি, সেটা বিবেচ্য বিষয় নয়; সবাইকে নিয়েই সুন্দর ও বাসযোগ্য উপজেলা গড়ে তুলবো। আমি উল্লাপাড়াবাসীর সবার সংসদ সদস্য। নির্বাচনী ইশতেহারে দেয়া উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করার চেষ্টা করব। দ্রুতই উল্লাপাড়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান শুরু করব, যাতে সর্বস্তরের মানুষের সহযোগিতা থাকবে।”
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খানকে ফুলের তোরা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।
এসময় উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলির সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ শাহিনুর আলম, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিরাজগঞ্জ জেলা সভাপতি এডভোকেট সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন, সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদ, উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সলঙ্গা থানা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল হাসান প্রমুখ।
রিপোর্টার্স২৪/এসএন