| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দখলমুক্ত হচ্ছে ঝিনাইদহ শহর

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২০, ২০২৬ ইং | ২১:২৮:১২:অপরাহ্ন  |  ৫৭৫০৩১ বার পঠিত
দখলমুক্ত হচ্ছে ঝিনাইদহ শহর

ঝিনাইদহ প্রতিনিধি: দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনার পর ধীরে ধীরে শৃঙ্খলায় ফিরছে ঝিনাইদহ শহর। প্রায় এক যুগ পর একজন সক্রিয় ও কার্যকর জেলা প্রশাসক পাওয়ায় স্বস্তি প্রকাশ করছেন সাধারণ মানুষ। দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদের নেতৃত্বে একের পর এক জনবান্ধব উদ্যোগ ও প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

সরেজমিনে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ট্রাক টার্মিনাল, বাস টার্মিনাল, শহীদ মিনার এলাকা, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, ‘টি’ বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলি থেকে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। দীর্ঘদিনের ফুটপাত দখল, অবৈধ স্থাপনা ও যানজটের কারণে যে ভোগান্তি ছিল, তা অনেকাংশেই কমেছে। ফলে সাধারণ মানুষের চলাচল এখন আগের তুলনায় সহজ ও নির্বিঘ্ন হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসনের এ উদ্যোগে শহর ধীরে ধীরে একটি পরিকল্পিত ও মডেল নগরীর রূপ নিচ্ছে। শুধু দখল উচ্ছেদই নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শীত মৌসুমে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমও পরিচালনা করছে জেলা প্রশাসন।

দায়িত্ব গ্রহণের পরপরই জেলা প্রশাসক আদালত চত্বর, সদর হাসপাতাল, পাসপোর্ট অফিস ও বিআরটিএ কার্যালয় পরিদর্শন করে দালালচক্র দমন ও দুর্নীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেন। এতে সাধারণ সেবাপ্রার্থীরা হয়রানি থেকে অনেকটাই মুক্তি পাচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে টিআর, কাবিটা ও কাবিখাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তদারকি জোরদার করায় কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে।

এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধভাবে আবাদি জমির মাটি কেটে শ্রেণি পরিবর্তন রোধ, ইটভাটায় মাটি বিক্রি বন্ধ, সরকারি গাছ কর্তন প্রতিরোধ এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম গতিশীল করতে প্রশাসনের সক্রিয় ভূমিকা দৃশ্যমান হয়েছে।

জেলার সচেতন মহলের মতে, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালনের এ ধারা অব্যাহত থাকলে ঝিনাইদহের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। সাধারণ মানুষের প্রত্যাশা—জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে জেলা প্রশাসনের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং ঝিনাইদহ একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল জেলায় পরিণত হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪