লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, মব মানে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা।
বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে গেলে তো নতুন বাংলাদেশ গড়ায় বাধা হতে পারে। সুতরাং সুন্দর বাংলাদেশ গড়ায় যারা বাধা হয়ে দাঁড়াবে তারা দেশের শত্রু হিসেবে পরিণত হবে।
সুতরাং মব কালচার থেকে বেরিয়ে আসতে হবে। সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সরকারকে সহযোগিতা করতে হবে। কেউ যদি এর বাহিরে কিছু করতে চাই সেটার দায়দায়িত্ব তাদের ওপর বর্তাবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রের পক্ষে ও পরে দলের পক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি এসব কথা বলেন।
তিনি বলেন, আজকের এই দিনে আমরা সম্পন্ন ভাবে অঙ্গীকার করছি। আগামী দিনে যেন এ দেশের গণতন্ত্র অটুট থাকে এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যেন আমরা অক্ষুণ্ন রেখে চলতে পারি। এটাই আমাদের প্রতিশ্রুতি এটাই আমাদের অঙ্গীকার।
দল মত নির্বিশেষে সবার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে আসুন আমরা আজকের এই দিনে নতুনভাবে শপথ করি। এই বাংলাদেশ টাকে নতুনভাবে গড়ার লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো। সেখানে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।
হ্যাঁ ভোটে শপথের বিষয়ে মন্ত্রী বলেন, এখানে শপথ নেওয়ার কোনো প্রয়োজন নেই। জাতীয় সংসদে বসা মাত্রই হ্যাঁ কার্যকর হবে। তবে ‘না’ ভোট অনুযায়ী পার্লামেন্টে আলোচনা হবে। যেখানে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে, সে বিষয়ে সংসদে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের মতপার্থক্য থাকতে পারে। সব ইস্যুতে বিরোধিতা না করে দেশ গড়ার স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটনসহ আরও অনেকেই।
রিপোর্টার্স২৪/ঝুম