রাঙ্গামাটি প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙ্গামাটির রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথমে সরকারের পক্ষে জেলা প্রশাসক নাজমা আশরাফী শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে মুক্তিযোদ্ধারা শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন।
এ সময় পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অনুপ কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, রাঙ্গামাটি জেলা পুলিশের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব (পিপিএম) এবং রাঙ্গামাটি পৌরসভার পক্ষ থেকে পৌর প্রশাসকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
রাজনৈতিক সংগঠনগুলোর পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো ও সাইফুল ইসলাম শাকিলসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে প্রভাতফেরিতে অংশ নিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সাধারণ মানুষও এতে অংশ নেন।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের আব্দুল আলী মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা শহরের পাশাপাশি রাঙ্গামাটির ১০টি উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম