স্টাফ রিপোর্টার: নড়াইলের লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ বাজারে অবস্থিত আঞ্চলিক কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে প্রবেশ করে জাতীয় পতাকা উত্তোলন করেছেন কার্যক্রম নিষিদ্ধঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর নেতাকর্মীরা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী আলীমের নেতৃত্বে একদল নেতাকর্মী ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে কার্যালয়ে প্রবেশ করেন। পরে দুপুরের দিকে ঘটনাটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
কাজী আলীম বলেন, একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলীয় কার্যালয়ের সামনে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ স্লোগান দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছি। এ ঘটনায় যদি আমার ফাঁসি হয়, তাতেও আপত্তি নেই।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রিপোর্টার্স২৪/এসসি