| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একুশের মর্ম ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে: ফাহিম চৌধুরী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ০১:১৩:৩১:পূর্বাহ্ন  |  ৫৬৭৯৮২ বার পঠিত
একুশের মর্ম ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে: ফাহিম চৌধুরী

শেরপুর প্রতিনিধি: শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেছেন, শুধু শহীদ মিনারে ফুল দেওয়া বা আলোচনা সভায় বক্তব্য রাখলেই শহীদ দিবসের প্রকৃত পালন সম্পন্ন হয় না। শহীদ দিবসের মর্ম ও তাৎপর্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে পারলেই দিবসটির যথার্থ মূল্যায়ন হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে নকলায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি ফাহিম চৌধুরী বলেন, আমাদের বুঝতে হবে রফিক, সালাম, বরকত, জব্বার কেন বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন। তারা আত্মত্যাগ করেছিলেন বলেই আমাদের মাতৃভাষা কেড়ে নেওয়া সম্ভব হয়নি। আজ আমরা মায়ের ভাষায় কথা বলতে পারছি—এটি তাদের রক্তের ঋণ।

তিনি আরও বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগকে হৃদয়ে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং একুশের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে কাজ করতে হবে। নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম-এর সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মোক্তার, সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক গোলাম মাসুম ও পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন প্রমুখ।

সভায় প্রশাসনের কর্মকর্তা, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এমপি ফাহিম চৌধুরী।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪