সিলেট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের লাকী গ্রামে গোপনাঙ্গ কাটা অবস্থায় মঞ্জুর আহমদ (নাম পরিবর্তিত) নামে এক যুবককে উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে ফজরের নামাজের পর এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঞ্জুর ফজরের নামাজ আদায় করতে বাড়ির পাশের মসজিদে যান। নামাজ শেষে ফেরার পথে লাকী গ্রামের শাহাবুদ্দিনের বাড়ির পাশের একটি বাঁশঝাড়ের নিচে তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত যুবক তোয়াকুল ইউনিয়নের লাকী গ্রামের উত্তর-পশ্চিম পাড়া ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনির উদ্দিনের ছেলে। তার বড় ভাই বদরুল ইসলাম জানান, সেহরির পর মঞ্জুর নামাজ পড়তে বের হন। সকালে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পান। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে মঞ্জুর কিছু জানায়নি।
সালুটিকর পুলিশ ফাঁড়ির এএসআই সারোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থল থেকে একটি রশি উদ্ধার করা হয়েছে। এছাড়া বিচ্ছিন্ন অঙ্গ বাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মক্ষতির চেষ্টা হতে পারে। তবে অন্য কোনো অপরাধমূলক ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
রিপোর্টার্স২৪/বাবি