পিরোজপুর প্রতিনিধি: মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইংরেজি তারিখ ২১ ফেব্রুয়ারির পরিবর্তে বাংলা পঞ্জিকা অনুযায়ী ৮ ফাল্গুন পালনের প্রস্তাব দিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় তিনি এ প্রস্তাব দেন।
মাসুদ সাঈদী বলেন, ভাষা আন্দোলনের ঐতিহাসিক দিনটি ছিল বাংলা পঞ্জিকার ৮ ফাল্গুন। কিন্তু আমরা এখনো দিবসটি ২১ ফেব্রুয়ারি হিসেবে পালন করছি। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং বাংলা তারিখ অনুযায়ী দিবসটি পালনের উদ্যোগ নেবে। তার মতে, ৮ ফাল্গুন পালনের মধ্য দিয়েই ভাষা শহীদদের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন সম্ভব।
তিনি আরও বলেন, একুশের চেতনা শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে সর্বস্তরে ধারণ করতে হবে। অন্যায়ের কাছে মাথা নত না করা এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারই হওয়া উচিত দিবসটির মূল প্রতিপাদ্য।
জেলা প্রশাসক আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকীসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।