লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিদ্যুৎ বিলের ৫ টাকা নিয়ে বিরোধের জেরে প্রবাসী আলমগীর হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, সামান্য লেনদেন নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকানে গেলে খোরশেদ আলম ও তার সহযোগীরা আলমগীরকে মারধর শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলমগীরকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে গেলে স্থানীয়রা উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, আলমগীর দীর্ঘদিন দুবাইয়ে কর্মরত ছিলেন এবং সম্প্রতি ছুটিতে দেশে ফিরেছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী, সন্তান ও স্বজনদের কান্নায় পুরো এলাকা ভারী হয়ে ওঠে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, তুচ্ছ ঘটনায় এমন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে অভিযুক্ত খোরশেদ আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/বাবি