নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান শুরু হয়েছে। এতে অংশ নেন নড়াইল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নড়াইল জেলা হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন শেষে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, বাংলাদেশ জামায়েতে ইসলামির আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের নির্দেশনায় নির্বাচনী এলাকায় “ক্লিন নড়াইল” গড়ার লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে নড়াইল জেলা হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হলো।
এ সময় তিনি আরও বলেন, ইতোমধ্যে পৌরসভাসহ বিভিন্ন স্থানের ধুলাবালি ও ময়লা-আবর্জনা পরিষ্কারে স্বেচ্ছাসেবক টিম কাজ করছে। যশোর-নড়াইল মহাসড়কেও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে এবং এ কার্যক্রম চলমান থাকবে।
এসময় জেলা হাসপাতালের তত্তাবধায়ক ডা. আব্দুল গাফফার, আবাসিক মেডিকেল অফিসার (আর এমও) সুজল বকসী, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, নড়াইল সদর জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিনসহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/মিতু