| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালীগঞ্জে ৬ কোটি টাকার বিলাসবহুল মসজিদ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ১৬:২০:২১:অপরাহ্ন  |  ৫৬৪০৫৩ বার পঠিত
কালীগঞ্জে ৬ কোটি টাকার বিলাসবহুল মসজিদ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার মিঠাপুকুর গ্রামে নির্মিত ‘হযরত আবু বকর সিদ্দিকী (রা.) জামে মসজিদ’ এখন এলাকায় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

প্রথম দেখায় যে কেউ ভাবতে পারে এটি কোনো বিলাসবহুল রাজপ্রাসাদ। চকচকে সাদা দেয়াল, প্রবেশ পথে নকশাখচিত কাঁচের দরজা এবং দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী মুহূর্তেই নজর কাড়ে দর্শনার্থীদের। মসজিদের ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে ঝকঝকে নামাজের স্থান, নরম কার্পেটের সুশৃঙ্খল সাজ এবং উন্নতমানের টাইলসে মোড়ানো মেঝে।  

প্রায় ২৫ শতক জমির ওপর নির্মিত তিনতলা বিশিষ্ট এ মসজিদে একসঙ্গে ১৫ শত মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মূল ফ্লোরের পাশাপাশি আন্ডারগ্রাউন্ডেও রয়েছে নামাজের ব্যবস্থা। 

মসজিদটিতে নেই কোনো দানবাক্স এবং বাইরে থেকে অর্থ সংগ্রহেরও সুযোগ। পরিচালনায় নেই কোনো কমিটি একক নেতৃত্বেই পরিচালিত হচ্ছে সব কার্যক্রম। প্রতিদিনই জেলার বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা মসজিদটি একনজর দেখতে এবং নামাজ আদায় করতে ভিড় করছেন।

 স্থানীয় মুসল্লিরা জানান, এমন নান্দনিক ও পরিকল্পিত মসজিদ এলাকায় আগে দেখা যায়নি। অনেকেই দূর-দূরান্ত থেকে শুধু এর সৌন্দর্য উপভোগ করতে আসছেন।

জানা গেছে, পাশ্ববর্তী যশোর জেলার আমেরিকা প্রবাসী মো. আব্দুল খালেক তাঁর শ্বশুর মরহুম সিরাজুল ইসলামের জমিতে নিজ উদ্যোগে মসজিদটি নির্মাণ করেন। তাঁর তত্ত্বাবধানে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠে এই ব্যতিক্রমধর্মী স্থাপনা।

মসজিদে আসা সহিদুল এনাম পল্লব বলেন, মসজিদটিতে দানবাক্স না থাকা ও বাইরে থেকে অর্থ সংগ্রহ না করার বিষয়টি খুব ভালো লেগেছে। এত সুন্দর মসজিদ আশপাশের এলাকায় নেই।

মসজিদ দেখভালের দায়িত্বে থাকা শাহাবুল তরু বলেন, পুরো রমজান মাসজুড়ে মসজিদে ইফতারির ব্যবস্থা রয়েছে। আমার দুলাভাই আব্দুল খালেক, তাঁর স্ত্রী সিরুতুননেছা আলপনা ও তাঁদের মেয়ে মারিয়া অঙ্কন ভবিষ্যতে মসজিদের সকল দায়িত্বভার গ্রহণ করবেন।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪