ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পীরেরচর বাজারে মৃত তৈয়ব শেখের স'মিলটি রাতের আঁধারে আগুনে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত পরিবার।
শনিবার (২২ ফেব্রুয়ারিত) ভোররাতে স'মিলটি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তৈয়ব শেখের ছেলে টিটুল শেখ। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দশ লক্ষাধীক টাকা দাবী ক্ষতিগ্রস্ত পরিবারের।
জানা গেছে, গত সাত বছর ধরে পীরের চর গ্রামের চুননু শেখের জমি ভাড়া করে স'মিলের ব্যবসা পরিচালনা করে আসছিল তৈয়ব শেখ ও তার পরিবার। একই এলাকার নিজাম মিয়া নামে আরও একজন নতুন করে আরও একটি স'মিলের ব্যবসা পরিচালনা করতে সকল কিছু সম্পন্ন করেন। এনিয়ে একটি শীতল দ্বন্দ্বও চলছিল।
শনিবার রাতে টিটুল শেখ ও মিলের কর্মচারীরা মিল বন্ধ করে বাড়িতে চলে যায়। ভোররাতে সেহরির সময় দুর্বৃত্তরা স'মিলে আগুন দিয়ে পালিয়ে যায়।
স্থানীয় মসজিদে মাইকিং করে আগুন লাগার খবর জানানো হলে গ্রামবাসী ও মসজিদের মুসল্লীরা আগুন নেভাতে ছুটে আসেন। কিন্তু আগুন চারপাশে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসেন। কিন্তু ততক্ষণে স'মিলের মালামাল পুড়ে যায়।
এবিষয়ে নিজাম মিয়ার স্ত্রী কোহিনূর বেগম জানান, টিটুল শেখের পরিবারের সাথে তাদের সুসম্পর্ক রয়েছে। মসজিদের মাইকে আগুন লাগার খবর শুনে তিনি এবং তার বাড়ির লোকজন আগুন নেভাতে সাহায্য করেছেন তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্যি নয় বলে জানান।
রিপোর্টার্স২৪/মিতু