চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় সংসদ সদস্যের গাড়িবহরের একটি গাড়ির ধাক্কায় আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার(২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খালেদ বিন ওয়ালিদ (৮) স্থানীয় প্রবাসী আমান উল্লাহর ছেলে। সে একটি নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসন থেকে নির্বাচিত হন বিএনপির সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ। রোববার কুতুবদিয়া সফর শেষে সড়কপথে পেকুয়া হয়ে বদরখালী দিয়ে মহেশখালী ফিরছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে তাঁর গাড়িবহরের একটি গাড়ি শিশুটিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয় লোকজন বদরখালী মাদ্রাসা গেট এলাকায় সড়কে ডাম্প ট্রাক রেখে গাড়িবহরের কয়েকটি গাড়ি আটকে দেন। এ সময় সংসদ সদস্যকে বহনকারী গাড়িটি বদরখালী নৌ পুলিশ ফাঁড়ি পর্যন্ত চলে যায়। পরে স্থানীয় বিএনপি নেতাদের সহযোগিতায় আটকে থাকা গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়।
সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির মায়ের আহাজারির একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
এ বিষয়ে জানতে সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, সংসদ সদস্যের গাড়িবহরের একটি গাড়ির চাপায় শিশুটির মৃত্যু হয়েছে। অভিযুক্ত গাড়িটি জব্দ করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি