বাগেরহাট প্রতিনিধি: কচুয়া উপজেলা-এ মো. রহমতউল্লাহ শেখ (২৭) নামের এক যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মঘিয়া ইউনিয়নের সম্মানকাঠি গ্রামের কবিরের বাগান থেকে তাকে উদ্ধার করে কচুয়া থানা পুলিশ। কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করেন।
আহত রহমতউল্লাহ কচুয়া উপজেলার চরসোনাকুর গ্রামের আব্দুল মতিনের ছেলে। হামলাকারীদের বিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগ করেন, একই গ্রামের একরাম শেখের ছেলে ইসরাফিল ও ইয়াসিন এবং তাদের সহযোগী ইব্রাহিম তাকে মারধর ও কুপিয়েছে।
রহমতউল্লাহর বাবা আব্দুল মতিন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে কামরুল, ইসরাফিল, ইয়াসিনসহ কয়েকজন তার ছেলের ওপর হামলা চালায়। তিনি দাবি করেন, কুপিয়ে তার দুই হাত বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে এবং দুই পা-ও প্রায় বিচ্ছিন্ন হওয়ার অবস্থায় রয়েছে। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আরও জানান, রহমতউল্লাহর বিরুদ্ধে থানায় মাদক ও ধর্ষণের মামলা রয়েছে এবং এলাকায় তার বিরুদ্ধে নানা অভিযোগ আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দার দাবি, সম্প্রতি এলাকায় একটি ধর্ষণের ঘটনা ঘটে। সেই ঘটনার ভিডিও দেখিয়ে ভুক্তভোগী পরিবারকে ব্ল্যাকমেইলের চেষ্টা করছিলেন রহমতউল্লাহ। এ ঘটনার জেরেও হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে রবিবার সকালে কচুয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলায় রহমতউল্লাহর এক ঘনিষ্ঠ ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
রিপোর্টার্স২৪/এসএন