চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকা থেকে অস্ত্রসহ ইমতিয়াজ সুলতান ইকরাম-কে গ্রেপ্তারের ঘটনায় তার স্ত্রী রুমা আক্তার সুচী অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে তার স্বামীকে ফাঁসানো হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব-এর এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে সুচী বলেন, পুরো ঘটনাই মিথ্যা ও সাজানো নাটক। তার স্বামী একজন ব্যবসায়ী এবং ঘটনার সময় তিনি বাসাতেই ছিলেন। বাসায় কোনো অস্ত্র ছিল না বলেও তিনি দাবি করেন। আইনশৃঙ্খলা বাহিনী চাইলে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে প্রকৃত ঘটনা স্পষ্ট হবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নগরের বায়েজিদ বোস্তামী লিংক রোড এলাকা থেকে ইমতিয়াজ সুলতান ইকরাম (২৮) ও তার সহযোগী আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে র্যাব-৭। র্যাবের দাবি, ইমতিয়াজ অস্ত্র কেনাবেচার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। অভিযানে তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয় এবং পরে দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একটি পিস্তল ও ৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
ইকরামের স্ত্রী সুচী বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিত। তার স্বামী নির্দোষ বলে তিনি দাবি করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত চান।
লিখিত বক্তব্যে তিনি জানান, চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরিয়ে দিতে সহায়তা করার পর একটি চক্র ইমতিয়াজ সুলতান ইকরাম ও তার পরিবারকে ফাঁসানোর চেষ্টা করছে। ইতোমধ্যে কয়েকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করে বিষয়টি চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারকে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে সুচী আরও বলেন, তিনি গর্ভবতী এবং অভিযানের সময় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। বাসার ভেতরের অবস্থা ফেসবুক লাইভে দেখাতে চাইলেও র্যাব সদস্যরা বাধা দেন বলে অভিযোগ করেন।
পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে পুলিশের সহায়তা কামনা করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ বিচার দাবি করেছেন।
রিপোর্টার্স২৪/এসএন