ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার কশালগাঁও গ্রামে অভিযান চালিয়ে ইয়াকুব আলী (৪৪) নামে এক ব্যক্তিকে ১৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) তাঁর নিজ বসত ঘর থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল সকাল সাড়ে আটটার দিকে কশালগাঁও গ্রামে ইয়াকুব আলীর বাড়ি ঘেরাও করে। পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তাঁর টিনের বেড়াযুক্ত এক কক্ষের বসত ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ঘরের পূর্ব পাশে খাটের তোষকের নিচে রাখা একটি নীল রঙের জিপারযুক্ত প্লাস্টিকের প্যাকেট থেকে ১৪০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবার মধ্যে হালকা কমলা রঙের ১২৭ পিস এবং সবুজ রঙের ১৩ পিস ট্যাবলেট ছিল। ডিজিটাল স্কেলে ওজন করে এর মোট ওজন ১৪ গ্রাম পাওয়া যায়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযান শেষে ইয়াকুব আলীকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবা থেকে নমুনা সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে এবং বাকি আলামত আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ও মামলার বাদী সবুজ চন্দ্র দেবনাথ জানান, ইয়াকুব আলী দীর্ঘদিন ধরে বিক্রয়ের উদ্দেশ্যে তাঁর বসতঘরে ইয়াবা মজুত ও ক্রয়-বিক্রয় করে আসছিলেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গ্রেপ্তার ইয়াকুব আলী কশালগাঁও গ্রামের বাসিন্দা। তাঁকে আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রিপোর্টার্স২৪/মিতু