| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় প্রশাসনকে সঙ্গে নিয়ে বাজার তদারকিতে নামলেন আমির হামজা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৭:৫১:৫৪:অপরাহ্ন  |  ৫৫৯৭৪৯ বার পঠিত
কুষ্টিয়ায় প্রশাসনকে সঙ্গে নিয়ে বাজার তদারকিতে নামলেন আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে কুষ্টিয়া পৌরবাজারসহ আশপাশের বিভিন্ন মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠানে কৃষি বিপণন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে সরেজমিনে বাজার তদারকি করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের হয়রানি বন্ধে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া শহরের পৌরবাজার (মিউনিসিপ্যালিটি মার্কেট) এলাকায় কৃষি বিপণন অধিদপ্তর, কুষ্টিয়া কার্যালয়ের কর্মকর্তা ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে বাজার তদারকি করেন মুফতি আমির হামজা। বাজার তদারকির সময় তিনি বিভিন্ন খুচরা ও পাইকারি দোকান পরিদর্শন করেন।

এ সময় তিনি ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। পরে মুরগির বাজারে বাজারদরের চেয়ে কেজিতে ৫০ টাকা বেশি নেওয়ায় দুই মুরগির দোকানিকে কৃষি বিপণন আইন ২০১৮/১৯-এর বিভিন্ন ধারায় ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তফা হাসান।

এছাড়া কলার আড়ত (পাইকারি দোকান) থেকে খুচরা বিক্রেতাদের ক্রয়রশিদ না দেওয়া এবং সবজির দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায় প্রথমবারের মতো সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কুষ্টিয়া শহর শাখার আমীর মো. এনামুল হক, কুষ্টিয়া কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তফা হাসান।

পরিদর্শনকালে ব্যবসায়ীদের উদ্দেশে মুফতি আমির হামজা বলেন, রমজান সংযম ও আত্মশুদ্ধির মাস। এ মাসে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা অনৈতিক ও অগ্রহণযোগ্য। কেউ ভোক্তাদের ঠকানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হবে। একই সঙ্গে তিনি ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান। এ ধরনের বাজার তদারকি ধারাবাহিকভাবে চলবে বলেও জানান মুফতি আমির হামজা এমপি।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪