মতলব উত্তর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে হাজী মার্কেটের আল ওয়াফা ইলেকট্রনিক্সের মার্সেল শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে দোকানের পেছনে জমে থাকা ময়লা আবর্জনার স্তূপ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, শোরুমের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের ব্যবসায়ীরা দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে মতলব উত্তর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মালিক মো. বিল্লাল হোসেন জানান, অগ্নিকাণ্ডে শোরুমে থাকা এসি, ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর দাবি, আগুনে প্রায় ১০ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে।
এ সময় ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান লস্কর বলেন, বাজারে অগ্নি নিরাপত্তা সরঞ্জাম ও সচেতনতার ঘাটতি রয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে ব্যবসায়ীদের সমন্বয়ে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।
খবর পেয়ে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাজার এলাকায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে থাকার জন্য প্রশাসনকে প্রয়োজনীয় সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব