রিপোর্টার্স২৪ ডেস্ক: দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মনোয়ারা বেগম (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও শিশু হুররাম (২)। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে সকাল ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর জরুরি বিভাগে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানটির আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের ২ শতাংশ, জিল হকের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রার ৬৫ শতাংশ এবং শিশু হুররামের ৬ শতাংশ পুড়ে গেছে।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, জিল হক ও উম্মে হুমায়রার দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক। অন্য দু’জনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে লিকেজের কারণে ঘরে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্টরা অনুসন্ধান করছেন।
রিপোর্টার্স২৪/আরকে