| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিচ্ছিন্ন, অল্পের জন্য রক্ষা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৪, ২০২৬ ইং | ১২:৪৭:৫৪:অপরাহ্ন  |  ৫৫৮২৩৫ বার পঠিত
জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিচ্ছিন্ন, অল্পের জন্য রক্ষা

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা-খুলনা রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। চলন্ত অবস্থায় ট্রেনটির ইঞ্জিন বগি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তবে চালকের তাৎক্ষণিক পদক্ষেপে সম্ভাব্য বিপর্যয় এড়ানো সম্ভব হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টায় খুলনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি নোয়াপাড়া ও সিঙিয়া স্টেশনের মধ্যবর্তী স্থানে পৌঁছালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের ভাষ্য অনুযায়ী, ইঞ্জিন ও বগির সংযোগস্থলের নাট-বল্টু ঢিলা হয়ে খুলে যাওয়ায় ইঞ্জিনটি বগি থেকে আলাদা হয়ে যায়। এতে বগিগুলো লাইনের ওপর স্থির হয়ে থাকলেও ইঞ্জিনটি প্রায় এক কিলোমিটার সামনে এগিয়ে যায়।

পরিস্থিতি বুঝতে পেরে চালক দ্রুত ইঞ্জিন থামান এবং সেটি পেছনে এনে পুনরায় বগির সঙ্গে সংযুক্ত করেন। এ ঘটনায় প্রায় ২২ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে।

ঘটনার পর যাত্রীদের মধ্যে চরম উৎকণ্ঠা ও ক্ষোভ দেখা দেয়। অনেকেই সম্ভাব্য বড় দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেন। এক যাত্রী বলেন, নিয়মিত রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণেই এমন ঘটনা ঘটছে। আরেকজনের অভিযোগ, ট্রেন ছাড়ার আগে যথাযথ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা হলে এমন পরিস্থিতি তৈরি হতো না।

ট্রেনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংযোগস্থলে যান্ত্রিক ত্রুটি ছিল। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা।

ঘটনাটি বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সক্ষম হলেও, যাত্রী নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে সচেতন মহল।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪