ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোমবার রাত ও মঙ্গলবার দুপুরে উপজেলার পাইকপাড়া ও হিতামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাইকপাড়া গ্রামের বাসিন্দা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ এবং হিতামপুর গ্রামের বাসিন্দা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
সোমবার সকালে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার জেরে রাতের দিকে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার দুপুরে উপজেলা শহরে যাওয়ার পথে আবু জাহিদের সমর্থক রাব্বিকে প্রতিপক্ষের লোকজন মারধর করে বলে অভিযোগ ওঠে। এর জের ধরে দুপুরের দিকে আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয় বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
রিপোর্টার্স২৪/এসএন