শেরপুর প্রতিনিধি: শেরপুরে জমিসংক্রান্ত বিরোধে জের এক কৃষককে হত্যা করা হয়েছে। এই হত্যার জের ৩ নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও নিহতের ছোট ভাই বকুল মিয়া জানান, দীর্ঘদিন যাবৎ তাঁদের চাচাতো বোনজামাই জুলহাস মিয়ার সঙ্গে পারিবারিক বাড়ির সীমানা রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে তাঁর ভাই খোরশেদ ওই রাস্তা দিয়ে যাওয়ার জুলহাস মিয়ার পরিবারের লোকজন তাকে একা পেয়ে গলার টুঁটি চেপে ধরে এবং পেছন দিক থেকে দুই হাত দিয়ে শক্ত করে ধরে। এতে তিনি শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য জুলহাসের স্ত্রী জুলেখা বেগম, হাফিজুলের স্ত্রী জোসনা ও জাকিরের স্ত্রী শারমিন আক্তারকে আটক করে।
অন্যদিকে জুলহাসের পরিবার জানায়, তাদের কেউ খোরশেদকে স্পর্শও করেনি। জমিসংক্রান্ত বিরোধের জেরে খোরশেদ উত্তেজিত হয়ে মাটিতে পড়ে যান। তিনি আগে থেকেই শ্বাসকষ্টের রোগী ছিলেন। পরিবারের দাবি, উত্তেজনার কারণে স্ট্রোক করে তার মৃত্যু হতে পারে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।
নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাসেম বলেন, জমিসংক্রান্ত বিরোধে মারা যাওয়া কৃষক খোরশেদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন