কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র কালিহাতী বাসস্ট্যান্ডে চাঁদাবাজি ও অবৈধ দখল প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তার সরাসরি তদারকিতে বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ওসি তৌফিক আজম নিজে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সিএনজি চালক, পরিবহন শ্রমিক, যাত্রী ও স্থানীয় দোকানদারদের সঙ্গে কথা বলেন। তিনি স্পষ্টভাবে জানান, বাসস্ট্যান্ড এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি কিংবা যাত্রী-হয়রানি বরদাশত করা হবে না।
ওসি বলেন, চাঁদাবাজি একটি সামাজিক ব্যাধি। কেউ এ ধরনের অপচেষ্টায় জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব।
এ সময় ভুক্তভোগীদের সরাসরি অভিযোগ জানানোর সুযোগ তৈরি করতে তিনি নিজের মোবাইল নম্বর সংবলিত কার্ড বিতরণ করেন। পুলিশের এই উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন।
বাংলাদেশ মানবাধিকার কমিশন-এর সভাপতি ও সিনিয়র সাংবাদিক শাহ আলম বলেন, চাঁদাবাজি দমনে পুলিশের দৃঢ় অবস্থান প্রশংসনীয়। জনস্বার্থে এমন পদক্ষেপ অব্যাহত রাখা প্রয়োজন।
অন্যদিকে কালিহাতী প্রেসক্লাব-এর নেতা ডা. গৌরাঙ্গ বিশ্বাস ও সাবেক সভাপতি তারেক আহমেদ জানান, বাসস্ট্যান্ডে দীর্ঘদিন ধরে চাঁদাবাজির অভিযোগ ছিল। ওসির সরাসরি হস্তক্ষেপে পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন শুরু হয়েছে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টনও পুলিশের উদ্যোগকে সময়োপযোগী বলে মন্তব্য করেন।
পুলিশ সূত্র জানায়, বাসস্ট্যান্ড এলাকায় নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। অবৈধ দখল উচ্ছেদ এবং চাঁদাবাজদের শনাক্তে গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি পেয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ অভিযান ধারাবাহিকভাবে চললে কালিহাতী বাসস্ট্যান্ড স্থায়ীভাবে চাঁদাবাজ ও দখলমুক্ত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের এমন উদ্যোগ জনআস্থা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
রিপোর্টার্স২৪/বাবি