দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি: প্রেমের সম্পর্কের সূত্র ধরে শ্রীলঙ্কার এক তরুণী ফেনীর দাগনভূঞা উপজেলায় এসে ইসলাম ধর্ম গ্রহণের পর বিয়ে করেছেন স্থানীয় এক যুবককে। ঘটনাটি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে।
জানা যায়, দাগনভূঞা উপজেলার ৪ নম্বর রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজিজ ফাজিলপুর সদর উদ্দিন কন্ট্রাক্টর বাড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ ইয়াছিনের ছেলে এজাজ আহমেদ শিহাবের সঙ্গে শ্রীলঙ্কার নাগরিক ইশারা মাট্টির পরিচয় হয় মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। তারা দুজনই সেখানে একটি টেক্সটাইল কোম্পানিতে কর্মরত ছিলেন। কর্মস্থলে পরিচয়ের পর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
প্রায় তিন বছর সম্পর্কের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। তবে ওমানে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন করা সম্ভব না হওয়ায় নিজ নিজ দেশে ফিরে পারিবারিকভাবে বিয়ের পরিকল্পনা করেন। গত ৩১ জানুয়ারি শিহাব দেশে ফেরেন। পরে ২৩ ফেব্রুয়ারি ইশারা মাট্টি বাংলাদেশে এসে শিহাবের বাড়িতে অবস্থান নেন।
পরিবারের সদস্য ও স্থানীয় ধর্মীয় ব্যক্তিদের উপস্থিতিতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয় জান্নাতুল ফেরদৌস জান্নাত (২৭)। এরপর পারিবারিক আয়োজনে ৫ লাখ টাকা কাবিন নির্ধারণ করে তাদের বিয়ে সম্পন্ন হয়।
স্থানীয়রা জানান, ভিন্ন দেশের নাগরিক হলেও পারস্পরিক ভালোবাসা, আস্থা ও সম্মানের ভিত্তিতে তাদের সম্পর্ক গড়ে উঠেছে। সামাজিক ও ধর্মীয় বিধান মেনে বিয়ের মাধ্যমে সেই সম্পর্কের আনুষ্ঠানিক পরিণতি হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি