| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদক নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, আটক ১

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৫, ২০২৬ ইং | ০৬:৩৩:৪৯:পূর্বাহ্ন  |  ৫৫৬৪৬৩ বার পঠিত
মাদক নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, আটক ১

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় একটি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে সামিউল হাসান শুভ (৩৩) নামে এক ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিরাময় কেন্দ্রটির এক কর্মীকে আটক করেছে পুলিশ।

নিহত সামিউল হাসান শুভ জনতা ব্যাংক দুপচাঁচিয়া শাখার সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদকাসক্তি ও মানসিক সমস্যায় ভুগছিলেন সামিউল। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে গত ১৩ ফেব্রুয়ারি তাকে শহরের সাবগ্রাম দ্বিতীয় বাইপাস সংলগ্ন ‘মায়ের আশ্রয়’ নামের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। ভর্তির ১১ দিনের মাথায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিরাময় কেন্দ্রের কর্মীরা তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের অভিযোগ, চিকিৎসার নামে শারীরিক নির্যাতনের ফলে তার মৃত্যু হয়েছে। নিহতের বোন-জামাই এটিএম ফরহাদ দাবি করেন, হাসপাতালে গিয়ে তারা সামিউলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান। তাদের অভিযোগ, নিরাময় কেন্দ্রে মারধরের কারণেই এ মৃত্যু ঘটেছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এক কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।

অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর বগুড়া উপপরিচালক জিল্লুর রহমান বলেন, প্রতিষ্ঠানটিতে কোনো অনিয়ম বা অবহেলা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪