রিপোর্টার্স২৪ ডেস্ক: চট্টগ্রামের হালিশহর–এর একটি ৬ তলা আবাসিক ভবনে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় সাখাওয়াত হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা জাতীয় বার্ণ ইনস্টিটিউট–এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এতে দগ্ধদের মধ্যে নিহতের সংখ্যা বেড়ে ৫ দাঁড়িয়েছে।
এর আগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একই পরিবারের স্বামী সামির আহমেদ, স্ত্রী পাখি আক্তার, সামিরের ভাবি নুরজাহান বেগম এবং তাদের ছেলে শাওন। বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছেন পরিবারের আরও ৪ জন, যাদের অবস্থাও আশঙ্কাজনক।
গত ২৩ ফেব্রুয়ারি সেহেরির সময় হালিশহরের এইচ ব্লকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের বরাত দিয়ে বলা হয়েছে, গ্যাস লাইনে জমে থাকা গ্যাস অথবা রাতের অসাবধানতায় চুলা বন্ধ না করার কারণে বিস্ফোরণ ঘটেছে। প্রচন্ড শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
ভবনটির ২য়, ৩য় ও ৪র্থ তলায় দরজা, জানালা ও আসবাবপত্র উড়ে যায়। তৃতীয় তলার ওই ফ্ল্যাটে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
বিস্ফোরণে তিন শিশুসহ একই পরিবারের ৯ সদস্য দগ্ধ হন। তাদের প্রথমে চট্টগ্রাম চট্টগ্রাম মেডিকেল কলেজ–এ এবং পরে ঢাকার জাতীয় বার্ণ ইনস্টিটিউটে নেওয়া হয়।
রিপোর্টার্স২৪/ঝুম