নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, সবার সঙ্গে বসে কাজ করতে চাই। ব্যর্থ হলে এটি দলের এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যর্থতা হবে।
সাখাওয়াত বুধবার (২৫ ফেব্রুয়ারি) নগর ভবনে দায়িত্ব গ্রহণের সময় বলেন, আমি প্রথমে ৬০ দিনের কর্মসূচি হাতে নেব। এই সময় নারায়ণগঞ্জকে ক্লিন সিটি ও ডেঙ্গু-মুক্ত রাখার পরিকল্পনা তৈরি করব। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রধানমন্ত্রী আমাদের ৩০ মিনিট ব্রিফিং দিয়েছেন এবং বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করেছেন।
তিনি জানান, মশার মৌসুমে নাগরিকদের ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা করতে কার্যক্রম হাতে নেওয়া হবে। সিটি এলাকায় ভাঙা রাস্তা মেরামত, খাল পরিষ্কার ও পুনঃখনন, ‘তারের শহর’ থেকে মাটির নিচে তার সংস্থানসহ শহরের অবকাঠামোগত সমস্যা সমাধান করা হবে।
সাখাওয়াত বলেন, সাবেক কাউন্সিলর, ওয়ার্ড বিএনপির নেতা, বিরোধী দলের সদস্য ও সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে বসে সবাইকে নিয়ে কাজ করব। সহযোগিতা পেলে আমরা সফল হবো, তারেক রহমান সফল হবেন।
দায়িত্ব গ্রহণের আগে সকালে তিনি শহরের বিবি রোড থেকে সিটি করপোরেশন ভবনে নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত হন। নগরবাসী তাকে ফুলের মালা ও ফুল ছিটিয়ে বরণ করেন। এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামসহ সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/আরকে