ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানা এলাকায় মুন্নি আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের লাউখুতি জোড়াব্রীজ গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মো. এমদাদুল হকের স্ত্রী এবং আট মাস বয়সী এক সন্তানের জননী।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে স্বজনদের কাছে খবর আসে যে মুন্নি আক্তার নিজ ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁসি দিয়েছে। পরে তার বাবা মো. ইউনুস আলী ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে ঘরের বাঁশের সড়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাদের দাবি, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে এবং বিষয়টি সন্দেহজনক বলে তারা মনে করছেন।
ভুল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দীন মোহাম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু