নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করে এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, এ দায়িত্ব আমার উপর অর্পিত পবিত্র আমানত। এক্ষেত্রে সফল না হবার কোন বিকল্প নেই। দলের নেতাকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবিসহ সবাইকে নিয়ে নাগরিক সমস্যা সমাধানে কাজ করে যাব।
বুধবার (২৫ ফ্রেব্রুয়ারি) সকালে সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণের পর সাংবাদিদের তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর নগরের রাস্তাঘাট সংস্কার, যানজট ও ফুটপাতের হকার, বিশুদ্ধ পানির সরবরাহসহ গুরুত্বপূর্ণ সমস্যাগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করতে ৬০ দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সকাল ৯ টায় নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি আবুল কালামসহ জেলা ও মহানগরের দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নগরভবনে প্রবেশ করেন নবাগত সিটি প্রশাসক। এসময় সিটি কর্পোরেশনের কর্মকর্তা, কর্মচারীরা তাকে স্বাগত জানান। পরে তিনি নির্ধারিত কক্ষে অফিস শুরু করেন।
২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে টানা তিনবারের নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে অপসারণ করে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। পরে অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামানকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ করে সরকার। তাকে বদলি করে যুগ্ম সচিব আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে নতুন নিয়োগ দেওয়া হয়।
এদিকে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি জয়লাভ করে সরকার গঠন করেন। নির্বাচনের ১০ দিন পর ২২ ফেব্রুয়ারি দেশের ৬ সিটি করপোরেশনের নিয়োগ দেওয়া হয় দলীয় ৬ প্রশাসক। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু