স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে দায়িত্ব পালনকালে এক ট্রাফিক সার্জেন্ট ইন্সপেক্টরকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে এক ট্রাকচালকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ডাম্প ট্রাকচালক আকবরকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের বিবিরহাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়মিত ডিউটির অংশ হিসেবে যানবাহনের কাগজপত্র যাচাই করছিলেন ট্রাফিক সার্জেন্ট ইন্সপেক্টর মফিজ উদ্দিন। এসময় একটি ডাম্প ট্রাক থামিয়ে কাগজপত্র দেখতে চাইলে চালক আকবর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি অতর্কিতভাবে ট্রাফিক কর্মকর্তার ওপর হামলা চালান।
হামলায় মফিজ উদ্দিন মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হন। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন ও পুলিশের অন্য সদস্যরা দ্রুত অভিযুক্ত চালককে আটক করেন। পরে তাকে ফটিকছড়ি থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।
আহত ট্রাফিক কর্মকর্তা বলেন, আমি নিয়মিত ডিউটির অংশ হিসেবে দায়িত্ব পালন করছিলাম। কাগজপত্র যাচাইয়ের জন্য ট্রাকটি থামালে চালক হঠাৎ হামলা চালায়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ঘটনায় জড়িত ট্রাকচালককে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি