চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরের ছেঙ্গারচর পৌরসভা, চাঁদপুর, বাংলাদেশ এলাকায় হাট-বাজার ইজারার টেন্ডার প্রক্রিয়াকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে ছেঙ্গারচর পৌরসভায় গরুর বাজার, মাছ বাজার ও পাঁচটি সিএনজি স্ট্যান্ড ইজারার সিডিউল জমা দেওয়ার সময় এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, যুবদল নেতা আবু সাঈদ বেপারী ও পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজী তাদের সমর্থকদের নিয়ে পৌর বিএনপির সাবেক সভাপতি নান্নু প্রধানসহ অন্যদের সিডিউল জমা দিতে বাধা দেন।
আহতদের মধ্যে বিএনপি নেতা বদরুজ্জামান (৫৫), সায়েম (২০), সফিউল্লাহ (৩৫)সহ আরও কয়েকজন রয়েছেন।
যুবদল নেতা আবু সাঈদ বেপারী বলেন, নির্ধারিত সময় দুপুর ১টার মধ্যে সিডিউল জমা দেওয়ার কথা ছিল। সময় পার হওয়ার পর কয়েকজন সিডিউল জমা দিতে এলে তাদের বাধা দেওয়া হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন কর্মী সফিউল্লাহকে মারধর করেন বলে তিনি অভিযোগ করেন।
অপরদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক সরকার ও পৌর বিএনপির সাবেক সভাপতি নান্নু প্রধান অভিযোগ করেন, প্রশাসনের কারসাজির মাধ্যমে এক পক্ষের সিডিউল গ্রহণ করা হয়েছে। তাদের দাবি, টেন্ডার বাক্স মতলব উত্তর উপজেলা, চাঁদপুর, বাংলাদেশ, থানা ও পৌরসভায় রাখার কথা থাকলেও কেবল পৌরসভায় রাখা হয়।
তারা আরও বলেন, সিডিউল জমা দিতে গেলে যুবদল নেতা আবু সাঈদ ও উজ্জ্বল ফরাজীর অনুসারীরা বাধা দেন এবং বিএনপি নেতা বদরুজ্জামানের মাথায় রক্তাক্ত জখমসহ কয়েকজনকে আহত করেন। তারা ছেঙ্গারচর পৌরসভার হাট-বাজার ইজারা বাতিল করে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানান।
মতলব উত্তর থানার তদন্ত কর্মকর্তা প্রদীপ মণ্ডল বলেন, সিডিউল জমা দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি জানান, এক পক্ষ আরেক পক্ষকে বাধা দেওয়ার বিষয়টি জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত ছিল। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে তারা উপস্থিত হন। সিডিউল জমা দিতে না পারলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ছেঙ্গারচর পৌরসভায় হাট-বাজার ইজারার সাতটি স্থানের বিপরীতে সাতটি সিডিউল জমা পড়েছে।
রিপোর্টার্স২৪/এসএন