নড়াইল প্রতিনিধি: নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) নড়াইল সদর উপজেলার নূর মোহাম্মদ নগরে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে সকাল ৮ টায় কোরআনখানি, সাড়ে ১০টায় র্যালী, ১১টায় নূর মোহাম্মদ শেখ এর স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান এবং সাড়ে ১১টায় নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম রাহসিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ছেলে এস এম গোলাম মোস্তফা কামাল এ সময় উপস্থিত ছিলেন।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা (বর্তমান নূর মোহাম্মদনগর) গ্রামে জন্মগ্রহণ করেন। নূর মোহাম্মদ শেখের জন্মভূমি মহিষখোলার নাম পরিবর্তন করে ২০০৮ সালের ১৮ মার্চ নূর মোহাম্মদ নগর করা হয়।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ১৯৫৯ সালের ১৪ মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তান রাইফেলস (ইপিআর) এ যোগদান করেন। যা বর্তমানে ‘বর্ডার গার্ড অব বাংলাদেশ’ (বিজিবি) হিসেবে পরিচিত। ১৯৭১ সালের ৫ই সেপ্টেম্বর পাকিস্তানি বাহিনীকে প্রতিরোধ এবং দলীয় সঙ্গীদের জীবন ও অস্ত্র রক্ষা করতে গিয়ে শহীদ হন নূর মোহাম্মদ শেখ। যশোরের শার্শা উপজেলার কাশিপুরে তাকে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়।
রিপোর্টার্স২৪/মিতু