মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলা, মানিকগঞ্জ, বাংলাদেশ-এর আটিগ্রাম ইউনিয়নের তরফ আটিগ্রাম এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে জরিমানা করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারা লঙ্ঘনের অপরাধে ১৫(১) ধারা অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
এ সময় মারুফ (২১), পিতা–মৃত মোহাম্মদ আলী, গ্রাম–সানাইল, উপজেলা–সিংগাইর, জেলা–মানিকগঞ্জ এবং সুমন আহমেদ (২২), পিতা–সিরাজ উদ্দিন, গ্রাম–ভাবনহাটি, উপজেলা–ধামরাই, জেলা–ঢাকা—প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এদিকে একই ইউনিয়নের চরবিরাটি এলাকায় অভিযান চালানো হলেও ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। ফলে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে সেখানে পাওয়া একটি এক্সক্যাভেটর মেশিন অকেজো করে দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/এসএন