বরিশাল প্রতিনিধি: বানারীপাড়ায় পুরনো সরকারি ব্রিজের নির্মাণসামগ্রী চুরির অভিযোগে ছাত্রদল ও যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিহাদ আকন (২০) এবং একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সানি (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে সদর ইউনিয়নের গাভা এলাকা থেকে ব্রিজ নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল ট্রলারযোগে সরিয়ে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্ধার্থের নেতৃত্বে একটি পুলিশ দল বানারীপাড়া ফেরিঘাট সংলগ্ন নতুন ব্রিজের নিচে, সন্ধ্যা নদীর মোহনায় অবস্থান নেয়।
রাত আনুমানিক ৩টার দিকে সন্দেহভাজন ট্রলারটি সেখানে পৌঁছালে পুলিশ অভিযান চালায়। এ সময় ট্রলার থেকে চারটি লোহার রেলপাটি, একটি ডিজেল ইঞ্জিন, একটি অক্সিজেন গ্যাস সিলিন্ডার, ব্রিজ নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও চুরির কাজে ব্যবহৃত উপকরণ জব্দ করা হয়। ঘটনাস্থল থেকেই জিহাদ আকন ও সানিকে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন মালামাল চুরির বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবর রহমান জানান, এ ঘটনায় আটক দুজনসহ চারজনের নাম উল্লেখ করে এবং আরও ৫/৬ জন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তাদের বরিশাল আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টার্স২৪/বাবি