| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিয়াকৈরে ম্যানহোলে পড়ে অজ্ঞাত শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৭, ২০২৬ ইং | ০৩:৪৯:২৫:পূর্বাহ্ন  |  ৫৩৩৪৫৯ বার পঠিত
কালিয়াকৈরে ম্যানহোলে পড়ে অজ্ঞাত শিশুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় সড়কের পাশের গভীর পানি নিষ্কাশন ড্রেনের ম্যানহোলে পড়ে এক পথচারী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিস কর্মীরা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রা ত্রিমোড় এলাকায় মহাসড়কের পাশে একটি গভীর ড্রেনের খোলা ম্যানহোল দিয়ে পানি নিষ্কাশন করা হচ্ছিল। অসাবধানতাবশত পথচারী শিশুটি সেখানে পড়ে যায় এবং মুহূর্তেই নিখোঁজ হয়ে যায়। ঘটনাটি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করলেও ব্যর্থ হন। পরে বিষয়টি জানানো হয় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর কালিয়াকৈর স্টেশনে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টা অনুসন্ধানের পর ম্যানহোলের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার শেষে লাশ কালিয়াকৈর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি যাতায়াতের সময় অসতর্কতাবশত খোলা ম্যানহোলে পড়ে যায়। অন্ধকার ও গভীরতার কারণে দ্রুত তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক সানোয়ার হোসেন বলেন, শিশুটির লাশ থানায় রাখা হয়েছে। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। তার পরনে ছিল খয়েরি রঙের প্যান্ট ও কালো রঙের জ্যাকেট। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

এলাকাবাসীর ধারণা, শিশুটি উত্তরবঙ্গের কোনো এলাকা থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রা ত্রিমোড় এলাকায় এসে দুর্ঘটনার শিকার হতে পারে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি খোলা ম্যানহোল ও অরক্ষিত ড্রেনের কারণে সড়কপথে চলাচলকারী পথচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪