গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের বোর্ড বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেওয়ার পর যাত্রীবাহী একটি বাসে আগুন ধরে গেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর সকাল পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরন মিয়া জানান, টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। মোটরসাইকেলটি বাসের নিচে আটকে গিয়ে সড়কের সঙ্গে ঘর্ষণ হলে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত বাসে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।দুর্ঘটনার সময় বাসটিতে যাত্রী তুলনামূলক কম থাকায় তারা দ্রুত নেমে যেতে সক্ষম হন। ফলে বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো গেছে।
আগুন লাগার পর ওই সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেওয়া হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
রিপোর্টার্স২৪/এসসি