রিপোর্টার্স২৪ ডেস্ক: সরকার প্রকল্পে দুর্নীতি রোধে কঠোর অবস্থান রাখছে, জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আমরা পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হয়ে প্রকল্পগুলো বাস্তবায়ন করবো।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশার চন্দ্র সোনার তাল হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মন্ত্রী এসব কথা জানান।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি হাওরের ফসল রক্ষা বাঁধ ও কৃষকদের তদারকিতে নজর রাখছেন। খাল খনন, নদী খনন ও বাঁধ নির্মাণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে কেউ যাতে অনিয়ম বা দুর্নীতি করতে না পারে, সেই বিষয়ে সরকার সতর্ক।
তিনি জানান, এই প্রকল্পগুলোতে জিরো টলারেন্স নীতি কার্যকর করা হবে। প্রতিটি বাঁধ নির্মাণের কাজ নিয়মিত তদারকি ও সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা নিশ্চিত করা হবে। পানিসম্পদ মন্ত্রণালয় সরাসরি এই প্রকল্পের তদারকি করবে এবং দুর্নীতিমুক্ত কাজ বাস্তবায়নে সর্বোচ্চ নজরদারি রাখবে।
মন্ত্রী উল্লেখ করেন, বিগত সময়ে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। ভবিষ্যতে তা যেন না হয়, সে জন্য আমরা সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্ব নিয়ে কাজ করছি।
রিপোর্টার্স২৪/ঝুম