নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ধর্ষণের শিকার কিশোরীকে পরিকল্পিতভাবে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় শুক্রবার সকাল পর্যন্ত মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে নিহত কিশোরীর মা ফাহিমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় মামলা করেন। এরপর শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেন এবং দ্রুত আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, পরিবার যদি ঘটনার পর থানায় জানাতো, তাহলে এই ভয়ংকর ঘটনা ঘটত না। আমরা মামলার পরপরই আসামি গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি। ইতিমধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে জেলা ও জেলার বাইরে অভিযান চলছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, সবাইকে আইনের আওতায় আনা হবে।
রিপোর্টার্স২৪/এসএন