সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ভাতা কার্ড, রিলিফ কার্ডসহ যে কোনো সরকারি সুবিধা প্রদানে উল্লাপাড়ায় দলীয় পরিচয় বিবেচ্য বিষয় হবে না। যে প্রাপ্য, তাকেই সরকারি সুবিধা পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, উল্লাপাড়া উপজেলার সকল কাজে দুর্নীতিকে না বলা হবে। সরকারি কর্মকর্তাদের পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ দুর্নীতির আশ্রয় নেওয়ার চেষ্টা করলে উল্লাপাড়ায় তার স্থান হবে না।
শুক্রবার উল্লাপাড়া উপজেলার বড়হর স্কুল মাঠে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
বিরোধী দলীয় হুইপ রফিকুল ইসলাম খান এমপি বলেন, আমি দলমত নির্বিশেষে উল্লাপাড়া উপজেলার ১০ লাখ মানুষের এমপি। সকলের জন্য আমি কাজ করবো। সকলকে সাথে নিয়ে উল্লাপাড়াকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকমুক্ত, সুখী, সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলবো।
বিশাল এই ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ শাহজাহান আলী, সেক্রেটারি খাইরুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল বারী প্রমুখ।
রিপোর্টার্স২৪/এসএন