নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় জমিজমা-সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পিঁপরুল ইউনিয়নের বাঁশভাগ পূর্বপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাঁশভাগ পূর্বপাড়া এলাকার বাসিন্দা পিঁপরুল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আরব আলী এবং একই দলের সহ-সভাপতি লিটন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে এ বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আরব আলীসহ তাঁর পরিবারের তিনজন এবং প্রতিপক্ষ গ্রুপের লিটন ও রিপনসহ মোট ছয়জন আহত হন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করেন। বাকিরা বর্তমানে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পিঁপরুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিঠুন কুমার বলেন, এটি প্রতিবেশীদের মধ্যে পূর্বশত্রুতার জেরে ঘটেছে। এর সঙ্গে দলীয় রাজনীতির কোনো যোগসূত্র নেই।
একই কথা বলেন জেলা যুবদলের সভাপতি এ এইচ তালুকদার ডালিম। তিনি বলেন, এটি কোনো রাজনৈতিক সংঘর্ষ নয়, বরং পারিবারিক ও জমিজমা-সংক্রান্ত বিরোধ। তবে দলের নাম ব্যবহার করে কেউ বিশৃঙ্খলা করলে এবং তদন্তে দোষী প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, লিটন গ্রুপ আরব আলীর বাড়িতে গিয়ে হামলা চালিয়েছে। তাঁরা সবাই বিএনপির সমর্থক। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টার্স২৪/এসএন