| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসলামপুরে ইউপি চেয়ারম্যানকে কার্যালয়ে মারধরের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৮, ২০২৬ ইং | ০২:১৬:১৭:পূর্বাহ্ন  |  ৫৩২৩৭৮ বার পঠিত
ইসলামপুরে ইউপি চেয়ারম্যানকে কার্যালয়ে মারধরের অভিযোগ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক ইউপি চেয়ারম্যানকে মারধর ও টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির একাংশের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির এক নেতাও লাঞ্ছিত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনাটি বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঘটে। ভুক্তভোগী চেয়ারম্যান আব্দুল মালেক জানান, তিনি নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মী সেখানে এসে তাকে মারধর করেন এবং জোরপূর্বক কার্যালয় থেকে বের করে অটোরিকশায় তুলে থানায় নেওয়ার চেষ্টা করেন। হামলার সময় তার পরনের পাঞ্জাবি ছিঁড়ে যায় বলেও অভিযোগ করেন তিনি।

প্রতিবাদ করতে গেলে বেলগাছা ইউনিয়ন পূর্ব বিএনপির সভাপতি রবিউল ইসলামও হামলার শিকার হন বলে জানান। পরে খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলের প্রায় দুই কিলোমিটার দূরে পার্থশী ইউনিয়নের লাউদত্ত এলাকা থেকে চেয়ারম্যানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করে।

পুলিশ জানায়, রাত আনুমানিক পৌনে ১০টার দিকে চিকিৎসা শেষে চেয়ারম্যানকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক মো. কামাল হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একই দিন সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য এ.ই সুলতান মাহমুদ বাবু। সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা অংশ নেন। সেখানে আওয়ামী লীগের পদধারী কয়েকজন ইউপি চেয়ারম্যানকে ঘিরে কিছু নেতাকর্মী আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সরে যেতে বলা হয়।

ভুক্তভোগী চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, তিনি টানা দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন। তিনি দাবি করেন, সময়মতো পুলিশ উদ্ধার না করলে তার প্রাণনাশের আশঙ্কা ছিল।

অভিযুক্ত বিএনপি সমর্থক আফছার আলী আকন্দের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪