ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহীদ মিনার চত্বরে কফি বিক্রি করে জীবিকা নির্বাহ করা শিক্ষার্থী জাবেদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে আধুনিক ভ্রাম্যমাণ দোকান ‘সৌহার্দ্য ফুড শপ’। নবগঙ্গা নদীর তীরে অবস্থিত পৌর ইকো পার্কে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ দোকান হস্তান্তর করা হয়।
জাবেদের স্বাবলম্বিতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেয় সামাজিক সংগঠন নবগঙ্গা রক্ষা পরিষদ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তার পড়াশোনা অব্যাহত রাখার পাশাপাশি সম্মানজনক উপার্জনের সুযোগ তৈরি করাই ছিল এ উদ্যোগের লক্ষ্য।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিনিধি কে.এম সাইফুজ্জামান শিমুল বলেন, জাবেদ একজন সংগ্রামী তরুণের প্রতীক। এটি করুণা নয়, বরং সমাজের দায়বদ্ধতা ও ভালোবাসার প্রকাশ। তারা চান, জাবেদ যেন শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার পাশাপাশি নিজ উদ্যোগে ব্যবসা পরিচালনা করতে পারে।
পৌর ইকো পার্কে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। প্রফেসর সুষেন্দু কুমার ভৌমিক, প্রফেসর ড. হাসান অরিন্দম, ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাবেদকে শুভেচ্ছা ও উৎসাহ প্রদান করেন।
উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য কানাডাপ্রবাসী এম. এ. তারিকের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। আয়োজকরা জানান, তার আর্থিক ও মানসিক সহায়তায় প্রকল্পটি বাস্তব রূপ পেয়েছে।
বক্তারা আশা প্রকাশ করেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এ ধরনের উদ্যোগে এগিয়ে এলে অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীরা স্বপ্ন পূরণের সুযোগ পাবে। ‘সৌহার্দ্য ফুড শপ’ এখন শুধু একটি ভ্রাম্যমাণ দোকান নয়, বরং স্থানীয়ভাবে সামাজিক সংহতি ও সহমর্মিতার একটি প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।