সিলেট প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে প্রায় ১ কোটি ১৭ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-এর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের দায়িত্বাধীন বিছনাকান্দি, প্রতাপপুর, দমদমিয়া, পাথরকোয়ারি, শ্রীপুর ও বাংলাবাজার বিওপি এলাকায় পৃথক অভিযানে এসব পণ্য আটক করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় গরু ও মহিষ, জিরা, সুপারি, কমলা, মাল্টা, আঙুর, পেঁয়াজ, অলিভ অয়েলসহ বিভিন্ন চোরাচালান সামগ্রী।
এছাড়া চোরাচালান পরিবহনে ব্যবহৃত একটি টাটা ট্রাকও আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ১৭ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়েছে।
আটক চোরাচালান পণ্যের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি