রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নে খেয়াঘাট ইজারা কেন্দ্র করে ইজারাদার রতন শিকদারকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রতন শিকদার নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামের মনোরঞ্জন পাটনির ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রতন শিকদার ঘাটে গেলে ঘাটের পাটনাদার রাশেদ তাকে সেখান থেকে চলে যেতে বলেন। একই সঙ্গে তুহিন, বিল্লাল ও রিপনের কাছ থেকে অনুমতি নিয়ে ঘাটে আসতে বলা হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং পরে রতন সেখান থেকে চলে যান।
পরদিন বৃহস্পতিবার সকালে রতন বিষয়টি স্থানীয় শওকত মৃধার বাসায় গিয়ে অবহিত করলে তিনি সমাধানের আশ্বাস দেন। পরে রতন বালিয়াকান্দি উপজেলা গেট এলাকায় এলে রয়েল, রিপন, বিল্লাল, নয়নসহ ১০-১২ জন তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে।
পরে স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসসি