চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে জেলার মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের হাপানিয়া গ্রামে ইতালি প্রবাসী নুর ইসলামের বসতঘর থেকে তার মা পারুল বেগম (৬৫)-এর মরদেহ উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মরদেহ উদ্ধারের ১২ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রবাসীর স্ত্রী হালিমা বেগম (২৭) ও তাঁর পরকীয়া প্রেমিক আশরাফুল ইসলাম মিঠু (৩০)-কে গ্রেপ্তার করা হয়।
রোববার (১ মার্চ) দুপুরে মতলব উত্তর থানা-এ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হোসাইন সানীব। এ সময় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডলসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযুক্ত আশরাফুল ইসলাম মিঠু হাপানিয়া গ্রামের বেপারী বাড়ির জাহাঙ্গীর বেপারী-এর ছেলে।
সহকারী পুলিশ সুপার জানান, ২৮ ফেব্রুয়ারি দুপুরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পারুল বেগমের মরদেহ উদ্ধার করে এবং প্রবাসীর স্ত্রী হালিমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। প্রথমে হালিমা প্রকৃত ঘটনা অস্বীকার করলেও একপর্যায়ে স্বীকারোক্তি দেন।
হালিমা পুলিশকে জানান, প্রতিবেশী অবিবাহিত যুবক মিঠুর সঙ্গে তাঁর আট মাস আগে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্র ধরে মিঠু তাঁদের বাড়িতে আসা-যাওয়া শুরু করে এবং পরিবারের সদস্যদের সঙ্গে সখ্য গড়ে তোলে। এর মধ্যে প্রবাসী নুর ইসলামের প্রথম স্ত্রীর সন্তান সোহান (চাঁদপুর)-এর সঙ্গে অনলাইনে ব্যবসা করবে বলে মিঠু ৩ লাখ টাকা বিনিয়োগ করে। পরে সোহান মিঠুর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।
টাকা ফেরত না পেয়ে মিঠু সোহানের দাদী পারুল বেগমের পরনের স্বর্ণের কানের দুল লক্ষ্য করে। পরিকল্পনা অনুযায়ী হালিমার সহযোগিতায় ২৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে ঘরে প্রবেশ করে পারুল বেগমকে ঘুমের ট্যাবলেট খাইয়ে অচেতন করে। কানের দুল খুলতে গেলে তিনি টের পেলে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর ডাকাতি নাটক সাজাতে হালিমার হাত-পা বেঁধে রেখে চলে যায় অভিযুক্তরা।
পরদিন দুপুরে প্রতিবেশীরা ঘটনাটি টের পেয়ে পুলিশকে খবর দেয়।
সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হোসাইন সানীব বলেন, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন