চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর জেলা আইনজীবী সমিতি-র আগামী ৫ মার্চের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে জামায়াত-সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল।
রোববার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার পর সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর-এর কাছে ১৫ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলের প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
প্যানেলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই এবং বহিরাগতদের মাধ্যমে তাদের প্রার্থীদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এ ঘটনায় তিন দিন অতিবাহিত হলেও নির্বাচন কমিশন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলে দাবি করা হয়।
ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট শাহজাহান মিয়া অভিযোগ করেন, গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাদের ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটে। সমিতি ভবনের সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ধারণ হওয়ার কথা থাকলেও রহস্যজনক কারণে সে সময় ক্যামেরা বন্ধ ছিল বলে তিনি দাবি করেন।
এ পরিস্থিতিতে বর্তমান নির্বাচন প্রক্রিয়া বর্জনের ঘোষণা দিয়ে তারা নির্বাচনের তফসিল স্থগিত করে পুনঃতফসিল ঘোষণার মাধ্যমে পুনরায় নির্বাচন আয়োজনের দাবি জানান।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
রিপোর্টার্স২৪/এসএন