নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে পড়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় ট্রাইকম গ্রুপ-এর একটি ঘাটে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিরাজগঞ্জের তারাশ থানার নৌখাদা এলাকার রতন মিয়ার ছেলে আল-আমিন (৩২) এবং একই থানার নাদোর সহিদপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আল-আমিন মিয়া (২৬)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ট্রাইকম গ্রুপের মালামাল আনলোডের জন্য একটি ঘাট রয়েছে। ঘাটের মালিক স্থানীয় ব্যবসায়ী কাজল ঘোষ। রোববার সন্ধ্যা ৬টার দিকে ক্রেনচালক আমিনুল ইসলাম জাহাজ থেকে ক্রেন ব্যবহার করে গম আনলোড করছিলেন। এ সময় ক্রেনের নিচে তিনজন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ করে ক্রেনের তার ছিঁড়ে ক্রেনের গ্রাফ নিচে পড়ে যায়, এতে ঘটনাস্থলেই একজন শ্রমিক নিহত হন এবং অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
ঘাটের সরদার মোহাম্মদ ওমর ফারুক বলেন, “ক্রেনের গ্রাফ পড়ে দুজন শ্রমিক নিহত হয়েছেন। আমরা বর্তমানে নিহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এ নিয়ে গিয়েছি এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।”
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই সাদেকুর রহমান জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। প্রাথমিকভাবে জানা গেছে, ক্রেনের তার ছিঁড়ে পড়ে দুইজন শ্রমিক নিহত হয়েছেন। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। নিহতদের পরিবারের পাশে থানা প্রশাসন রয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঘাট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ছিল না এবং ক্রেনের যন্ত্রাংশের নিয়মিত পরিদর্শন বা রক্ষণাবেক্ষণ না থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিক নেতারা দুর্ঘটনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন।
এই ঘটনায় রূপগঞ্জসহ নারায়ণগঞ্জের শ্রমিক সমাজে শোক ও উদ্বেগের ছায়া নেমেছে। প্রশাসন তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি