বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় অভিযান চালিয়ে ১৭৫ বোতল অবৈধ ভারতীয় মাদকদ্রব্য উইন কোরেক্সসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
মোহাম্মদ আলী, অফিসার ইনচার্জ, যশোর ডিবি পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শনিবার রাত পৌনে ১০টার দিকে শার্শা থানা-এর ফরেস্টপাড়া এলাকায় রিপন মোটরসের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসআই মো. কামরুজ্জামান ও এএসআই সৈয়দ শাহীন ফরহাদ-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল হাবিবুর রহমান (শার্শা) (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে।
পরে তাঁর ডান হাতে থাকা একটি বস্তা তল্লাশি করে ১৭৫ বোতল অবৈধ উইন কোরেক্স উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬২ হাজার ৫০০ টাকা।
গ্রেফতার হাবিবুর রহমান শার্শা উপজেলার উত্তর বুরুজ বাগান এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত শামসুর রহমান। ডিবি জানায়, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতার আসামিকে ১ মার্চ আদালতে প্রেরণ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন