| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৬ পুলিশকে কামড়ে আসামি ছিনতাই, নারীসহ গ্রেপ্তার ৪

reporter
  • আপডেট টাইম: মার্চ ০২, ২০২৬ ইং | ১৭:১৬:১৬:অপরাহ্ন  |  ৫১৯২৮৭ বার পঠিত
৬ পুলিশকে কামড়ে আসামি ছিনতাই, নারীসহ গ্রেপ্তার ৪

টাঙ্গাইল প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। আসামিপক্ষের লোকজন ও গ্রামবাসী পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ দুই আসামিকে ছিনিয়ে নেয়। হামলায় টাঙ্গাইল সদর ও শ্রীপুর থানা পুলিশের অন্তত ৬ জন সদস্য আহত হয়েছেন। তবে ঘটনার দুই ঘণ্টা পর সাড়াশি অভিযান চালিয়ে ছিনিয়ে নেয়া আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে হামলার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, টাঙ্গাইল সদর থানার একটি অপহরণ ও ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার করতে টাঙ্গাইল পুলিশের একটি বিশেষ দল শ্রীপুরে যায়। পরে তারা স্থানীয় শ্রীপুর থানা পুলিশের সহযোগিতা নিয়ে নিজমাওনা গ্রামের আদিল (২২) ও তার বাবা মনির হোসেনকে (৫০) গ্রেপ্তার করে হ্যান্ডকাফ পরিয়ে গাড়িতে তোলার চেষ্টা করে। এসময় আসামির বাড়ির লোকজন ‘ডাকাত ও ভুয়া পুলিশ’ বলে চিৎকার শুরু করে। তাদের চিৎকারে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়ে রাস্তা অবরোধ করে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় ছয়জন পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করা হয়।

আহত পুলিশ সদস্যদের দাবি, আসামির বাড়ির নারীরা পুলিশ সদস্যদের কামড়ে গুরুতর জখম করেন। এই বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে স্থানীয়রা হ্যান্ডকাফসহ দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে শ্রীপুর থানা থেকে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার শ্বাসরুদ্ধর অভিযান শেষে স্থানীয়দের সহযোগিতায় ছিনিয়ে নেয়া দুই আসামি আদিল ও মনির হোসেনকে পুনরায় গ্রেপ্তার করা হয়। এ সময় হামলায় জড়িত থাকার অভিযোগে দুই নারীকেও আটক করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ছিনিয়ে নেয়া দুই আসামিসহ চারজনকে আমরা হেফাজতে নিয়েছি। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেয়ার অপরাধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, অপহরণ ও ধর্ষণ মামলার আসামি ধরতে গাজীপুরের শ্রীপুরে যায় টাঙ্গাইল সদর থানার একটি দল। পরে সেখানকার থানা পুলিশ আমাদের সহযোগিতা করে। আসামিদের গ্রেপ্তার করে নিয়ে আসার সময় পরিবারের সদস্য ও এলাকাবাসী হামলা করে। এতে টাঙ্গাইল সদর থানার একজন ও শ্রীপুর থানার পাঁচজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ হামলায় নারীরা পুলিশ সদস্যদের কামড়ে জখম করে। পরে অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে অভিযান পরিচালনা করে ফের ওই দুই আসামিসহ হামলাকারী দুইজনকে গ্রেপ্তার করা হয়। হামলার ঘটনায় শ্রীপুর থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪