লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু'জন ব্যক্তি নিহত হয়েছে।
সোমবার (২ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কের আবুলের গোজা নামক স্থানে যাত্রীবাহী বাসের চাপায় রাকিব হোসেন নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত রাকিব হোসেন সদর উপজেলার শাকচর এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। একই সময় রায়পুরের মৎস প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে বাইসাইকেল আরোহী যুবককে বাঁচাতে গিয়ে আনোয়ার হোসেন নামে আরেক সিএনজি চালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন।
নিহত আনোয়ার হোসেন নোয়াখালির সুবর্ণচর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি রায়পুর শহরে স্ব-পরিবারে বসবাস করতেন।
জানা যায়, দুপুরে লক্ষ্মীপুর থেকে শাহী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস মজুচৌধুরীরহাটের দিকে যাচ্ছিলো। এ সময় বাসের সামনে দিয়ে মোটরসাইকেল নিয়ে রাকিব হোসেন দ্রুত গতিতে যাওয়ার সময় আবুলের গোজা নামক স্থানে সাইট নিতে গিয়ে বাসের চাপায় পড়ে ঘটনাস্থলে মারা যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যায়।
অপরদিকে মৎসপ্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে সিএনজি চালিত অটোরিকশা সামনে বাইসাইকেল পড়লে বাইসাইকেল আরোহী যুবককে বাঁচাতে গিয়ে সিএনজি চালিত অটোরিকশা থেকে পড়ে যায় যাত্রী আনোয়ার। দুর্ঘটনার পর স্থানীয়রা আনোয়ারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় বাস ও সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। বাস ও সিএনজি চালিত অটোরিকশা চালক পালিয়েছে। তাদের ধরতে অভিযান চলছে।
রিপোর্টার্স২৪/মিতু